শব্দ ও নৈঃশব্দ্যের সীমানা পেরিয়ে জেইন ইফেলের প্রথম একক চিত্রপ্রদর্শনী ‘Inkography – A Chromatic Silence’

জেইন ইফেল একক চিত্রপ্রদর্শনী - Inkography

শিল্পী সৈয়দ জয়নুল আবেদীনের (জেইন ইফেল) প্রথম জেইন ইফেল একক চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘Inkography – A Chromatic Silence’ শীর্ষক এই প্রদর্শনী আগামী ১৩ থেকে ১৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত রাজধানীর ধানমণ্ডিস্থ আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ‘লা গ্যালারি’-তে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

মগজের গভীর কোষে জমে থাকা সুপ্রাচীন স্মৃতির অবশেষ, নাকি কোনো আদিম বিস্মৃতির গহ্বর থেকে উঠে আসা অদেখা অভিজ্ঞতা? শব্দ আর নৈঃশব্দ্যের ফাঁক গলে ক্যানভাসে জন্ম নেওয়া সেই রহস্যময় রেখা ও বিন্দুর অন্তহীন ছন্দ নিয়েই আয়োজিত হচ্ছে এই বিশেষ চিত্রপ্রদর্শনী।

জেইন ইফেল একক চিত্রপ্রদর্শনী - Inkography

শিল্পীর ক্যানভাসে রেখা আর বিন্দুরা নাচতে শুরু করে এক অপার্থিব ছন্দে। সৃষ্টি হয় এক দুর্বোধ্য, অশ্রুতপূর্ব ও অবিদিত ভাষার, যা কোনো প্রচলিত বর্ণ বা শব্দের খাঁচায় ধরা দিতে চায় না। পড়তে গেলে তা যেন হয়ে ওঠে আরও দুর্গেয়।

শব্দ আর নৈঃশব্দ্যের ব্যবধানে গড়া এই অগম্য সাম্রাজ্যকে শিল্পী সংজ্ঞায়িত করেছেন ‘বিমূর্ত’ হিসেবে। যতই সেগুলোকে সীমিত সীমানায় বাঁধার চেষ্টা করা হয়, ততই তারা অতিক্রম করে যায় সময়ের চেনা গণ্ডি।

শিল্পভাবনা নিয়ে জেইন ইফেল

নিজের শিল্পভাবনা ও ক্যানভাসে আত্মপ্রকাশের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শিল্পী জেইন ইফেল বলেন:

“কখনো মনে হয়, তারা আমার ভেতরে জন্ম নেয় না, বরং বহুকাল ধরে আমার ভেতরেই অপেক্ষা করে থাকে। আমি কেবল তাদের আবির্ভাবের মুহূর্তটুকুর সাক্ষী হয়ে থাকি। যেন আমার হাতটি আমার নয়, আমার আঙুলের ডগায় যে অদৃশ্য নির্দেশ এসে পৌঁছায়, তার উৎসও আমার অজানা। আমি শুধু কাগজের সামনে বসে থাকে, আর রেখারা একে একে নিজেদের অস্তিত্ব ঘোষণা করতে থাকে।”

রেখা, বিন্দু ও বিমূর্ত ব্যাকরণ

ক্যানভাসে কখনো কোনো রেখা দীর্ঘ হতে হতে হঠাৎ থমকে যায়, আবার কোনো বিন্দু তার চারপাশের শূন্যতাকে এমনভাবে গ্রাস করে যে তা মনে হয় এক কৃষ্ণগহ্বর—যার ভেতরে দৃশ্যমান জগৎ ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে।

রেখাদের এই বিচ্ছিন্নতা, দূরত্ব আর অসম্পূর্ণ সংযোগের মধ্য দিয়ে গড়ে ওঠে এমন এক আদিম ব্যাকরণ, যার কোনো বাঁধাধরা নিয়ম শিল্পীরও জানা নেই। তবুও না-বোঝার সেই আদিম বোধেই চালিত হয় শিল্পীর হাত।

চিত্রকলার অনুরাগী ও শিল্পপ্রেমীদের জন্য এই জেইন ইফেল একক চিত্রপ্রদর্শনী বিমূর্ত শিল্পধারার এক নতুন ও গভীর মনস্তাত্ত্বিক অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার অনন্য সুযোগ করে দেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top